আইডিআরএ’র চেয়ারম্যানের সাথে বিআইএ-বিআইএফের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৬

নিজ্স্ব প্রতিনিধিঃ দেশের বীমা খাতের বিদ্যমান সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) নির্বাহী কমিটির সঙ্গে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) আইডিআরএ’র হেডকোয়ার্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন।

সভায় দেশের বীমা খাতে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও এর সম্ভাব্য সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বীমা শিল্পের উন্নয়ন, গ্রাহকদের আস্থা বৃদ্ধি, বীমা কোম্পানিগুলোর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং খাতটির সার্বিক শৃঙ্খলা প্রতিষ্ঠার বিষয়ে মতবিনিময় করেন অংশীজনরা।

আলোচনায় বীমা খাতের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা পর্যায়ক্রমে সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে নিয়ন্ত্রক সংস্থা, বীমা কোম্পানি ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় আরও জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

সভায় বীমা খাতের প্রতিনিধিরা বিদ্যমান বিভিন্ন সমস্যা, ব্যবসা পরিচালনায় প্রতিবন্ধকতা এবং খাতটির উন্নয়নে প্রয়োজনীয় বিভিন্ন প্রস্তাব ও মতামত তুলে ধরেন। এসব বিষয়ে আইডিআরএ’র পক্ষ থেকেও সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেওয়া হয়।

আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন বীমা খাতের উন্নয়নে নিয়ন্ত্রক সংস্থা ও শিল্পসংশ্লিষ্টদের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বীমা খাতকে আরও গতিশীল, জনবান্ধব ও আস্থাশীল করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় বীমা খাতের উন্নয়নে বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ, বিদ্যমান সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে সমাধান এবং গ্রাহকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বিষয়েও আলোচনা হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়ন্ত্রক সংস্থা ও বীমা শিল্পের প্রতিনিধিদের মধ্যে এ ধরনের নিয়মিত মতবিনিময় বীমা খাতের বিদ্যমান সমস্যা নিরসন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে দেশের বীমা খাতে শৃঙ্খলা, স্বচ্ছতা ও আস্থা আরও বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।