গুরুতর রোগী ও ঝুঁকিপূর্ণ পেশাজীবীরা পাবেন না জেবিসির রাইডার সুবিধা প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৬ নিজস্ব প্রতিবেদক:রাষ্ট্রায়ত্ত জীবন বীমা করপোরেশন (জেবিসি) গুরুতর রোগে আক্রান্ত ব্যক্তি, উচ্চ ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত কর্মী এবং স্বাস্থ্য-সংক্রান্ত তথ্য গোপনকারীদের জন্য সহযোগী বীমা সুবিধা (রাইডার) সীমিত করতে নতুন নির্দেশনা জারি করেছে। নতুন নীতিমালা অনুযায়ী, রাইডার সুবিধা পেতে বিমাগ্রহীতাকে বাধ্যতামূলকভাবে স্বাস্থ্য-সংক্রান্ত তথ্য, প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষা এবং মেডিকেল প্রতিবেদন জমা দিতে হবে। গত ২৬ জুলাই জারি করা ১৪ দফা নির্দেশনায় জেবিসির সব আঞ্চলিক, করপোরেট, বিক্রয় ও শাখা অফিসকে এসব নির্দেশনা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। মূল উদ্দেশ্য হচ্ছে রাইডার সুবিধা প্রদানের ক্ষেত্রে অভিন্ন নীতি অনুসরণ, ঝুঁকি মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিত করা এবং দাবি নিষ্পত্তি প্রক্রিয়াকে আরও কার্যকর করা। জীবন বীমা করপোরেশন বিভিন্ন জীবনবীমা পলিসির সঙ্গে স্বাস্থ্যবীমা, গুরুতর রোগ বীমা (মেজর ডিজিজেস) এবং প্রিমিয়াম মওকুফ (ওয়েভার অব প্রিমিয়াম) সুবিধা দিয়ে থাকে। এসব অতিরিক্ত সুবিধাকেই রাইডার বলা হয়। এটি মূল পলিসির সঙ্গে অতিরিক্ত প্রিমিয়ামের বিনিময়ে যুক্ত হয় এবং বিমা সুরক্ষার পরিধি বাড়ায়। নতুন নির্দেশনা অনুযায়ী, শুধুমাত্র সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম ব্যক্তিরাই রাইডার সুবিধার জন্য বিবেচিত হবেন। আগে থেকে ক্যানসার, হৃদ্রোগ, স্ট্রোক, কিডনি বিকল, লিভার সিরোসিস, পক্ষাঘাতসহ গুরুতর রোগে আক্রান্ত ব্যক্তিরা এ সুবিধা পাবেন না। প্রয়োজনে আবেদনকারীর লিপিড প্রোফাইল, সিরাম ক্রিয়েটিনিনসহ অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদনও জমা দিতে হবে। প্রয়োজন হলে জেবিসি অতিরিক্ত ডায়াগনস্টিক পরীক্ষা বা বিশেষজ্ঞ চিকিৎসকের মতামতও চাইতে পারবে। এ ছাড়া স্থায়ী বা আংশিক শারীরিক ও মানসিক অক্ষমতা, এইচআইভি/এইডস, জন্মগত গুরুতর রোগ, দীর্ঘমেয়াদি জটিল অসুস্থতা কিংবা গত দুই বছরের মধ্যে গুরুতর রোগে হাসপাতালে ভর্তি বা চিকিৎসা নেওয়ার ইতিহাস থাকলে প্রয়োজনীয় মেডিকেল মূল্যায়ন ছাড়া রাইডার সুবিধা অনুমোদন দেওয়া হবে না। নির্দেশনায় আরও বলা হয়েছে, উচ্চ ঝুঁকিপূর্ণ পেশা, বিপজ্জনক ক্রীড়া কিংবা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত ব্যক্তিদের জন্যও রাইডার সুবিধা প্রযোজ্য হবে না। পাশাপাশি বয়স, স্বাস্থ্যগত সক্ষমতা ও পেশাগত ঝুঁকির নির্ধারিত মানদণ্ড পূরণ করলেই কেবল এ সুবিধা পাওয়া যাবে। জেবিসি স্পষ্ট করেছে, বিমাগ্রহীতাকে পূর্ববর্তী রোগের ইতিহাস, চিকিৎসার বিবরণ এবং চিকিৎসকের পরামর্শ যথাযথভাবে ঘোষণা করতে হবে। স্বাস্থ্য-সংক্রান্ত তথ্য গোপন করা বা ভুল তথ্য প্রদান করলে সংশ্লিষ্ট রাইডার দাবিটি সরাসরি বাতিল করা হবে এবং প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নির্দেশনা অনুযায়ী, রাইডার সুবিধা মূল জীবনবীমা পলিসির সঙ্গে সংযুক্ত থাকবে। ফলে মূল পলিসি কোনো কারণে বাতিল, সমর্পণ (সারেন্ডার) বা ল্যাপস হলে সংশ্লিষ্ট রাইডার সুবিধাও স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অতীতে স্বাস্থ্য-তথ্য গোপন করে রাইডার সুবিধা গ্রহণ, প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা ছাড়াই অনুমোদন এবং শাখাভেদে ভিন্ন নিয়মে ঝুঁকি মূল্যায়নের কারণে দাবি নিষ্পত্তিতে নানা জটিলতা তৈরি হচ্ছিল। এসব অনিয়ম দূর করে সুষ্ঠু ও স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করতেই নতুন নির্দেশনা কার্যকর করা হয়েছে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাঈদ কুতুব বলেন, রাইডার সুবিধা প্রদান ও দাবি নিষ্পত্তিতে স্বচ্ছতা নিশ্চিত এবং বিদ্যমান অনিয়ম দূর করার লক্ষ্যেই নতুন নীতিমালা জারি করা হয়েছে। News PhotoCard SHARES প্রধান সংবাদ বিষয়: