প্রথমার্ধে ডেল্টা লাইফের তহবিল বেড়ে ৪ হাজার ২৯২ কোটি টাকা

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত জীবন বীমা কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর চলতি ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে জীবন বীমা তহবিল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির জীবন বীমা তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ২৯২ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪ হাজার ৪৭ কোটি টাকা। ফলে এক বছরের ব্যবধানে জীবন বীমা তহবিলে ২৪৫ কোটি টাকা যোগ হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, চলতি বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির নিট প্রিমিয়াম আয় বেড়ে হয়েছে ৪৮৭ কোটি টাকা, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ৪৩৯ কোটি টাকা। অর্থাৎ নিট প্রিমিয়ামে প্রায় ৪৮ কোটি টাকা প্রবৃদ্ধি হয়েছে।

অন্যদিকে, ব্যবসা পরিচালনার ব্যয়ও কিছুটা বেড়েছে। ২০২৬ সালের প্রথমার্ধে কোম্পানিটির মোট ব্যয় দাঁড়িয়েছে ৫০২ কোটি টাকা, যেখানে আগের বছরের একই সময়ে এ ব্যয়ের পরিমাণ ছিল ৪৮১ কোটি টাকা।

লভ্যাংশ প্রদানের ধারাবাহিকতায় ডেল্টা লাইফ ২০২৫ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে। এর আগে ২০২৪, ২০২৩, ২০২২, ২০২১, ২০২০ ও ২০১৯ হিসাব বছরের প্রতিটিতে ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া ২০১৮ হিসাব বছরে কোম্পানিটি ২৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

কোম্পানিটির আর্থিক সক্ষমতার প্রতিফলন হিসেবে সর্বশেষ ক্রেডিট রেটিংয়ে দীর্ঘমেয়াদে ‘এএএ’ (AAA) রেটিং বহাল রয়েছে। ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার সময় পর্যন্ত প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) এ প্রত্যয়ন দিয়েছে।

উল্লেখ্য, ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১২৩ কোটি ৭৫ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৫০ হাজার। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে রয়েছে ৪৮ দশমিক ৮৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১২ দশমিক ৬১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে অবশিষ্ট ৩৮ দশমিক ৫৫ শতাংশ শেয়ার।