ভুয়া তথ্য প্রচারের তীব্র নিন্দা ও আইনগত ব্যবস্থা গ্রহণ করলেন পপুলার লাইফ

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৬

বিশেষ প্রতিনিধিঃ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ব্যক্তি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডসহ দেশের জীবন বীমা খাতকে কেন্দ্র করে বিভিন্ন ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার করছে। এ ধরনের অপপ্রচারকে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

এ প্রেক্ষিতে কোম্পানির কুমিল্লা বিভাগীয় অফিস ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আইনগত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, এসব মিথ্যা ও অপপ্রচারমূলক তথ্যের কারণে কোম্পানির প্রায় ১,০০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি প্রায় ৩০ লাখ গ্রাহকের বিনিয়োগ এবং ২ লাখ কর্মকর্তা-কর্মচারী ও এজেন্টের জীবিকা ঝুঁকির মুখে পড়েছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা যথাযথ প্রমাণসহ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IDRA) অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা উচিত। যাচাই-বাছাই ছাড়া গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া শুধু একটি প্রতিষ্ঠানের নয়, বরং দেশের কোটি কোটি বীমা গ্রাহকের আস্থা ও সমগ্র বীমা শিল্পের সুনামকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

পপুলার লাইফ আরও উল্লেখ করেছে, অতীতেও দেশের বিভিন্ন বৃহৎ আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের নেতিবাচক প্রচারণা চালানো হলেও পরবর্তীতে প্রকৃত তথ্য প্রকাশের মাধ্যমে বাস্তবতা স্পষ্ট হয়েছে।

সবাইকে গুজবে কান না দিয়ে তথ্য যাচাই করে মতামত প্রকাশের আহ্বান জানিয়ে কোম্পানিটি সতর্ক করেছে যে, সস্তা প্রচার বা ভাইরাল হওয়ার উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রচার করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হতে পারে। তাই সচেতনতা, দায়িত্বশীলতা এবং সত্যনিষ্ঠ তথ্য প্রচারের মাধ্যমেই একটি নিরাপদ ও আস্থাশীল বীমা খাত গড়ে তোলা সম্ভব।