আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর এর মধ্যে “শিক্ষা সুরক্ষা বীমা” চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৬ সংবাদ বিজ্ঞপ্তিঃ আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর এর মধ্যে “শিক্ষা সুরক্ষা বীমা” চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (০২ নভেম্বর) রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ এর কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ) এবং রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এর অধ্যক্ষ কর্ণেল মোঃ আহসানুল কবির, পিপিএম, এএফডব্লিউসি, পিএসসি চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়া উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই চুক্তির মাধ্যমে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এর শিক্ষার্থীরা আস্থা লাইফের শিক্ষা সুরক্ষা বীমার আওতায় তাদের সুরক্ষিত শিক্ষাজীবন নিশ্চিতকরণে বীমা কভারেজ পাবেন। পাশাপশি, এককালীন আর্থিক সুবিধার প্রেক্ষিতে অনাকাঙ্খিত পরিস্থিতিতেও তাদের পরিবারবর্গের আর্থিক নিরাপত্তা বজায় থাকবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এর অধ্যক্ষ কর্ণেল মোঃ আহসানুল কবির, পিপিএম, এএফডব্লিউসি, পিএসসি বলেন, এই চুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা বার্ষিক যৎসামান্য প্রিমিয়াম প্রদানের বিপরীতে তাদের অভিভাবকগণের অকাল প্রয়াণে নিজেদের পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য মাসিক বৃত্তি পাবেন। আমরা তাদের শিক্ষাজীবনের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পেরে আনন্দিত। আমরা বিশ্বাস করি, আস্থা লাইফের সাথে আমাদের এ বন্ধন বা সহযোগীতা শিক্ষার্থীদের জীবনকে আরো নিরাপদ ও নিশ্চিন্ত করতে অগ্রণী ভূমিকা রাখবে। অপরদিকে, আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা বলেন, এই চুক্তির ফলে কোমলমতি শিক্ষার্থীদের উপার্জনক্ষম অভিভাবকের আকষ্মিক মৃত্যুতে কিংবা দূর্ঘটনায় তাদের পড়ালেখা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া কিংবা ঝড়ে পড়া রোধের পাশাপাশি আস্থা লাইফের মূল কার্যক্রম তথা বীমা সেবা ও আর্থিক নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে। উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী নিয়ন্ত্রিত ১১২টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই লক্ষ শিক্ষার্থীদেরকে শিক্ষা সুরক্ষা বীমার আওতায় সুরক্ষিত করতে আস্থা লাইফ বদ্ধপরিকর। News PhotoCard SHARES অর্থ নিউজ বিষয়: